‘অনেকেই আমাদের কথা লিখেছে, এবার আমি আমাদের কাহিনি শোনাব’—এই অঙ্গীকার ব্যক্ত করে নিজের স্মৃতিকথায় এক গভীর ব্যক্তিগত বেদনার কথা সামনে এনেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। তাঁর এই আত্মকথায় নরেন্দ্র মোদির চোখাচোখি এড়িয়ে যাওয়া কিংবা ২০১০ সালে প্রণব মুখোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়ার সুপ্ত বাসনার মতো রাজনৈতিক প্রসঙ্গের পাশাপাশি উঠে এসেছে এক হৃদয়বিদারক অধ্যায়। অনেকেরই অজানা যে, রাহুল গান্ধীর জন্মের আগে সোনিয়া এক পুত্রসন্তানের জন্ম দিয়েছিলেন, কিন্তু জন্মের পরের দিনই নবজাতকটি পৃথিবী থেকে বিদায় নেয়।
১৯৬৮ সালের ১৩ জানুয়ারি রাজীব গান্ধীকে বিয়ে করার উদ্দেশে দিল্লিতে পৌঁছান সোনিয়া। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান রাজীব, তাঁর ভাই সঞ্জয় গান্ধী এবং পারিবারিক বন্ধু অমিতাভ বচ্চন। বিমানবন্দর থেকে সোনিয়াকে নেওয়া হয় ১৩, উইলিংডন ক্রেসেন্টের সরকারি বাংলোয়। প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সুপারিশে ১৯৬৬ সালে রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণন কর্তৃক ছয় বছরের জন্য রাজ্যসভায় মনোনীত হওয়া বিশিষ্ট হিন্দি কবি হরিবনশরাই বচ্চনের নামে বাড়িটি বরাদ্দ ছিল। বিয়ের পূর্বে ইন্দিরা গান্ধী হবু পুত্রবধূকে নিজের বাসভবনে কিংবা কোনো হোটেলে রাখতে না চাওয়ায় নেহরুর ঘনিষ্ঠ বন্ধু হরিবনশরাইয়ের বাড়িতেই তাঁর থাকার ব্যবস্থা হয়, যাঁর ছেলে অমিতাভ ছিলেন রাজীবের ছেলেবেলার সঙ্গী। এর পরের মাসেই, অর্থাৎ ১৯৬৮ সালের ২৫ ফেব্রুয়ারি রাজীব ও সোনিয়ার বিবাহ সম্পন্ন হয়।
বিয়ের পরের বছরই অন্তঃসত্ত্বা হন সোনিয়া। আনন্দিত ইন্দিরা গান্ধী এক পরিচিতজনকে চিঠি লিখে নবজাতকের জন্য সবচেয়ে নরম মসলিন জোগাড় করতে বলেন এবং পাঁচ পরত মসলিনের কাপড়ে শিশুর ন্যাপি তৈরির নির্দেশ দেন দর্জিকে। ইন্দিরার কড়া তত্ত্বাবধানে সোনিয়াকে প্রতিদিন এক গ্লাস দুধ ও সপ্তাহে তিন দিন পালংশাক খেতে হতো, পাশাপাশি চলত শরীরচর্চা ও হাঁটা। পালংশাক অপছন্দ করায় সোনিয়া প্রতি ঢোকের সঙ্গে জল খেতেন এবং দুধের সঙ্গে মেশাতেন কফি। তবে সপ্তম মাসে হঠাৎ পেটে মৃদু যন্ত্রণা শুরু হলে চিকিৎসক তাঁকে বিশ্রামে থাকতে বলেন। কিন্তু ব্যথা তীব্র হওয়ায় পরের দিন সন্ধ্যায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
সোনিয়ার আত্মকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’-এ নির্দিষ্ট হাসপাতালের নাম উল্লেখ না থাকলেও জানা যায়, ১৯৬৯ সালের ১৮ জানুয়ারি স্বাভাবিক প্রসবের মাধ্যমে তিনি এক পুত্রসন্তানের জন্ম দেন। শিশুকে ইনকিউবেটরে স্থানান্তরের সময় তাঁর প্রথম কান্নার আওয়াজ পেয়েছিলেন সোনিয়া। পরবর্তী সময়ে স্বামী রাজীবের সঙ্গে ছেলেকে দেখার মুহূর্তটি স্মরণ করে সোনিয়া লিখেছেন, ‘এইটুকুন শিশু, মাথাভর্তি ঘন কালো চুল, আঙুলগুলো সরু ও লম্বা। রাজীব আমার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে ছিল। আমরা দুজনে একদৃষ্টিতে তার দিকে তাকিয়ে ছিলাম।’ কিন্তু চিকিৎসকেরা আগেই জানিয়েছিলেন শিশুটির বেঁচে থাকার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। পরদিন ভোর সাড়ে ৬টায় শিশুটি শেষনিশ্বাস ত্যাগ করে। রাজীবের কাছ থেকে এই মর্মান্তিক সংবাদ পেয়ে কান্নায় ভেঙে পড়েন সোনিয়া। খবর পেয়ে রাত সাড়ে ১১টায় সফর সংক্ষিপ্ত করে চোখভরা জল নিয়ে হাসপাতালে ছুটে আসেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। হাসপাতালে এসে দেবর সঞ্জয় গান্ধীও মজার কথাবার্তা ও ধাঁধা শুনিয়ে ভাবির মন ভালো করার প্রয়াস চালান এবং সোনিয়ার প্রিয় অড়হর ডালের গাছ কেমন হয় তা দেখাতে খেত থেকে এক গোছা সবুজ গাছ তুলে আনেন।
পরিবারের সদস্যরা নবজাতকের মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়ার পক্ষপাতী হলেও সোনিয়া তাতে তীব্র আপত্তি জানান। পূর্বে ওখলা ব্যারেজে যমুনা নদীতে একটি মরদেহ ভাসতে দেখার স্মৃতি তাঁকে তাড়া করে ফিরছিল। ফলে রাজীব, সোনিয়া ও সঞ্জয় মিলে বিকল্প সিদ্ধান্ত নেন। দক্ষিণ দিল্লির মেহেরৌলিতে অবস্থিত গান্ধী পরিবারের খামারবাড়িতে, যেখানে প্রতি রবিবার তাঁরা জওহরলাল নেহরুর পুরোনো অ্যাম্বাসেডরে চড়ে যেতেন, সেখানেই তাকে সমাহিত করার ব্যবস্থা হয়। রাজীব-সঞ্জয়ের বাবা ফিরোজ গান্ধীর লাগানো নানা ফুলগাছ ও সীমানাপ্রাচীরের পাশের গোলাপি বোগেনভিলার নিচে চিরতরে শুইয়ে দেওয়া হয় তাঁদের প্রথম সন্তানকে। পরবর্তীতে খামারবাড়িতে গেলে তাঁরা সেই বোগেনভিলার মাটিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতেন।
হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর সন্তান হারানোর এই ক্ষত না শুকাতেই রাজনৈতিক বিদ্বেষের শিকার হতে হয় তাঁদের। একটি বিরোধী রাজনৈতিক পত্রিকায় অত্যন্ত কুরুচিপূর্ণ মন্তব্য করে লেখা হয়, ইন্দিরা গান্ধী এক ‘জারজ সন্তানের দাদি হওয়ার’ চেষ্টায় ব্যর্থ হয়েছেন। এমন নিষ্ঠুরতায় ভেঙে পড়া সোনিয়াকে রাজীব গান্ধী সান্ত্বনা দিয়ে বুঝিয়েছিলেন যে, গান্ধীদের পরিবারকে কালিমালিপ্ত করতেই এসব ভিত্তিহীন অপপ্রচার চালানো হয়, যা উপেক্ষা করেই তাঁদের সামনে এগোতে হবে।