ভৌগোলিক আয়তনে বিশ্বে ৯৩তম এবং এশিয়ায় ২৬তম হলেও প্রায় ১৮ কোটি মানুষের আবাসস্থল বাংলাদেশ বর্তমানে পৃথিবীর অষ্টম জনবহুল দেশ। উচ্চ জনঘনত্বের এই দেশে জাতীয় জনসংখ্যা নীতি বাস্তবায়নের দায়িত্বে যুক্ত রয়েছে সরকারের ২৮টি মন্ত্রণালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের গবেষকেরা চীনের অভিজ্ঞতা পর্যালোচনার ভিত্তিতে বাংলাদেশের জনমিতিক লভ্যাংশ অর্জনের কৌশল নিয়ে একটি গবেষণা সম্পাদন করেছেন। এই গবেষণার প্রেক্ষাপট তুলে ধরে বিভাগের অধ্যাপক মোহাম্মদ মঈনুল ইসলাম জানান, জন্ম ও মৃত্যুহার কমে জনমিতিক রূপান্তরের তৃতীয় ধাপে পৌঁছানোয় বাংলাদেশে যে অনুকূল বয়সকাঠামো সৃষ্টি হয়েছে, তাতে ২০৩৬ সাল পর্যন্ত নির্ভরশীলতার হার সবচেয়ে ইতিবাচক থাকবে এবং এটিই হবে প্রথম জনমিতিক লভ্যাংশ পাওয়ার উপযুক্ত সময়।
গবেষণার তথ্য অনুযায়ী, ২০৩৬ সালে বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় ২০ কোটিতে পৌঁছাবে। সে সময় ১৫ থেকে ৬৪ বছর বয়সী কর্মক্ষম জনগোষ্ঠী চূড়ান্ত পর্যায়ে উন্নীত হবে, যার পরিমাণ দাঁড়াবে মোট জনসংখ্যার প্রায় ৬৬ দশমিক ৫৭ শতাংশ বা প্রায় সাড়ে ১১ কোটি মানুষ। ফলে নির্ভরশীলতার হার সর্বনিম্ন সীমায় নামবে। তবে এই বিপুল যুব ও কর্মক্ষম জনগোষ্ঠীকে গুণগত শিক্ষা, স্বাস্থ্য, কারিগরি ও ডিজিটাল দক্ষতা এবং উপযুক্ত কর্মসংস্থানে যুক্ত করা না গেলে তা জনমিতিক বোঝায় পরিণত হয়ে বেকারত্ব ও সামাজিক অস্থিরতা বাড়াতে পারে। মানবসম্পদ তৈরিতে চীনের মতো শিক্ষা, স্বাস্থ্য এবং বৃত্তিমূলক প্রশিক্ষণে দীর্ঘমেয়াদি ও উৎপাদনশীল বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে।
একই সঙ্গে দেশে বার্ধক্যমুখী মানুষের সংখ্যাও দ্রুত বাড়ছে। বর্তমানে দেশের মোট জনসংখ্যার প্রায় ৭ শতাংশ বা ১ কোটি ২০ লাখ মানুষের বয়স ৬৫ বছর বা তদূর্ধ্ব। ২০২৭ সালেই বাংলাদেশ ‘এইজিং সোসাইটি’ বা বয়োবৃদ্ধ সমাজের স্তরে প্রবেশ করবে। পরবর্তীতে ২০৩৬ সাল নাগাদ ৬০ বছরের বেশি বয়সী মানুষ হবে ১২ দশমিক ২৬ শতাংশের বেশি এবং ৬৫ বছরের ঊর্ধ্বের জনসংখ্যা দাঁড়াবে ৮ দশমিক ৫২ শতাংশে। এই বাস্তবতায় দ্বিতীয় জনমিতিক লভ্যাংশ নিশ্চিত করতে এবং প্রবীণ জনগোষ্ঠীর অধিকার রক্ষায় পেনশন, দীর্ঘমেয়াদি সেবা, জেরিয়াট্রিক স্বাস্থ্যসেবা ও টেকসই সামাজিক সুরক্ষাবলয় এখনই গড়ে তোলার তাগিদ দেওয়া হয়েছে।
গবেষকেরা আগামী দশকের জন্য তিনটি সম্ভাব্য পরিস্থিতির কথা উল্লেখ করেছেন—দক্ষ মানবসম্পদের সফল ব্যবহারে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি, দক্ষতার ঘাটতি ও অপরিকল্পিত নগরায়ণে অসম অগ্রগতি, অথবা কর্মহীনতা ও জলবায়ুজনিত স্থানান্তরের চাপে তৈরি হওয়া অর্থনৈতিক সংকট। বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় বাল্যবিয়ে রোধ, কিশোরী মাতৃত্ব হ্রাস, নারীর অর্থনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করা, প্রজননস্বাস্থ্য সেবার প্রসার এবং নির্ভুল উপাত্তভিত্তিক পরিকল্পনা প্রণয়নকে অগ্রাধিকার তালিকায় রাখার আহ্বান জানানো হয়েছে। জাতীয় বাজেটে জনমিতিক বিশ্লেষণকে যুক্ত করে জনসংখ্যাকে উন্নয়নের কেন্দ্রবিন্দুতে রাখার সুপারিশ করা হয়।