জীবনের সায়াহ্নে এসে যখন অনেকের থামার কথা, ঠিক তখনই এক অবিশ্বাস্য প্রত্যাবর্তনে সবাইকে চমকে দিয়েছেন ডেমি মুর। নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় এই অভিনেত্রীর ক্যারিয়ার যখন অস্তমিত ভাবা হচ্ছিল, তখনই তিনি নতুন করে আলো ছড়ালেন। টাইম সাময়িকীর ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় ঠাঁই পাওয়ার পাশাপাশি পিপল সাময়িকীর দৃষ্টিতে ২০২৫ সালের বিশ্বের সেরা সুন্দরীর খেতাবও জিতে নেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে এতসব স্বীকৃতি ডেমি নিজেও কখনো কল্পনা করেননি। ১১ নভেম্বর এই তারকার জন্মদিন; এদিন তিনি ৬৪ বছরে পদার্পণ করলেন। তবে ৬২ বছর বয়সেই নতুন করে নিজের অবস্থান জানান দেন তিনি।
১৯৬২ সালের ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে জন্মগ্রহণ করা ডেমির শৈশব ছিল নিদারুণ যন্ত্রণাদায়ক। জন্মের পূর্বেই তাঁর পিতা চার্লস ফস্টার হারমন মা ভার্জিনিয়া কিংয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। মাত্র তিন মাস বয়সে মা দ্বিতীয় বিয়ে করলে সংবাদপত্রের বিজ্ঞাপন কর্মী সৎবাবার সঙ্গে এক শহর থেকে অন্য শহরে ঘুরতে হয় তাঁকে। ১৯৮০ সালে সৎবাবা আত্মহত্যা করেন এবং দাম্পত্য কলহ ও অর্থকষ্টে মায়ের জীবনও মাদকে ডুবে যায়। নিজের আলোড়ন সৃষ্টিকারী আত্মজীবনী ‘ইনসাইড আউট’-এ ডেমি উল্লেখ করেন, ১৫ বছর বয়সে নিজ বাসাতেই ধর্ষণের শিকার হন তিনি, যার জন্য ধর্ষণকারী তাঁর মাকে ৫০০ ডলার দেওয়ার দাবি করেছিল। সেখানে তিনি মায়ের আত্মহত্যার চেষ্টার কথাও তুলে ধরেন। তবে সব প্রতিকূলতা জয় করে তিনি একসময় হলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী হয়ে ওঠেন।
আশির দশকে ফ্রেডি মুরের সঙ্গে তিনটি গান লেখা ও মিউজিক ভিডিওতে অংশ নেওয়ার মাধ্যমে শোবিজে ডেমির যাত্রা শুরু। ১৯৮১ সালে প্রাপ্তবয়স্কদের সাময়িকী ‘উ!’-এর প্রচ্ছদে নগ্ন হয়ে তীব্র আলোড়ন সৃষ্টি করেন; তখন তাঁর বয়স ১৬ হলেও নিজেকে ১৮ বছর দাবি করেছিলেন। একই বছর ‘চয়েসেজ’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়। পরবর্তীতে ‘দ্য সেভেন্থ সাইন’ এবং রবার্ট ডি নিরো ও শন পেনের সাথে ‘উই আর নো অ্যাঞ্জেলস’-এর মতো কাজের মাধ্যমে তিনি পরিচিতি পান। ১৯৯০-এর দশকে তাঁর জনপ্রিয়তা তুঙ্গে পৌঁছায়। ১৯৯৬ সালে ‘স্ট্রিপটিজ’ ছবির জন্য তিনি রেকর্ড ১ কোটি ২৫ লাখ ডলার (১২৫ কোটি টাকারও বেশি) পারিশ্রমিক নেন। সেই সময় তাঁর স্বামী ব্রুস উইলিসও ছিলেন সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা। যদিও ‘গোস্ট’, ‘ইনডিসেন্ট প্রপোজাল’ কিংবা ‘ডিসক্লোজার’-এর চেয়ে মানুষ তাঁকে ‘স্ট্রিপটিজ’-এর আবেদনময়ী রূপেই বেশি মনে রেখেছে। এ নিয়ে গত বছর দ্য নিউ ইয়র্ক টাইমসের পডকাস্টে অভিনেত্রী আক্ষেপ করে জানান, লোভনীয় প্রস্তাবটি গ্রহণ করলেও সেখানে শরীরের প্রদর্শনীই মুখ্য ছিল ভেবে তিনি এখন লজ্জিত।
কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সাহসী পদক্ষেপ নিয়েও সবসময় আলোচনায় ছিলেন ডেমি। ১৯৯১ সালের আগস্টে সাত মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় ‘ভ্যানিটি ফেয়ার’ সাময়িকীর জন্য নগ্ন ফটোশুট করে তিনি বিশ্বজুড়ে বিতর্কের ঝড় তোলেন; যা কেউ শালীনতাবিরোধী আবার কেউ নারীর শক্তির প্রতীক হিসেবে মূল্যায়ন করেন। পরের বছর ১৯৯২ সালে বডি পেইন্ট করিয়ে একই সাময়িকীর প্রচ্ছদে শৈল্পিক পোজ দিয়ে প্রশংসিত হন। প্রেমের ক্ষেত্রে ১৯৮১ সালে সঙ্গীতশিল্পী ফ্রেডি মুরকে বিয়ে করেন তিনি (বিচ্ছেদ ১৯৮৫ সালে) এবং তাঁর পদবি গ্রহণ করেন। অভিনেতা-নির্মাতা টিমোথি হাটনের সঙ্গে সম্পর্কের গুঞ্জনের মধ্যে সেই সংসার ভাঙে। এরপর অভিনেতা এমিলিও এস্তেভেজের সঙ্গে বাগ্দান হলেও ১৯৮৬ সালের ৬ ডিসেম্বরের নির্ধারিত বিয়ের ঠিক আগে তা ভেঙে যায়। পরে ১৯৮৭ সালে অভিনেতা ব্রুস উইলিসের সঙ্গে পরিণয়সূত্রে আবদ্ধ হন এবং তাঁদের কোল আলো করে আসে তিন কন্যা—রুমার, স্কাউট ও তালুলাহ। ২০০০ সালের ১৮ অক্টোবর ১৩ বছরের দাম্পত্যের অবসান ঘটলেও সন্তানদের খাতিরে তাঁদের বন্ধুত্ব বজায় থাকে। পরবর্তীতে ২০০৫ সালে বয়সে তরুণ অ্যাশটন কুচারকে বিয়ে করেন ডেমি; ২০১১ সালে বিচ্ছেদ হয়ে ২০১৩ সালে তা চূড়ান্ত রূপ পায়।
চলতি শতকে কিছুটা আড়ালে চলে গেলেও ২০২৪ সালের বডি হরর ছবি ‘দ্য সাবস্ট্যান্স’ দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটে ডেমির। ৪৫ বছরের দীর্ঘ অভিনয় জীবনে প্রথমবারের মতো এ ছবির সুবাদে সেরা অভিনেত্রী হিসেবে গোল্ডেন গ্লোব পুরস্কার জয় করেন তিনি; স্বীকৃতি আসে ক্রিটিকস চয়েজ ও স্ক্রিন অ্যাক্টরস গিল্ড থেকেও। পাশাপাশি অস্কারের মনোনয়ন পেলেও শেষ পর্যন্ত পুরস্কারটি যায় ‘আনোরা’ ছবির মাইকি ম্যাডিসনের ঝুলিতে। এ নিয়ে আক্ষেপহীন ডেমি টাইম সামিটে জানান, যোগ্য হিসেবেই পুরস্কারটি পেয়েছেন ম্যাডিসন। সৌন্দর্যের সংজ্ঞা দিতে গিয়ে পিপল সাময়িকীকে তিনি বলেন, ফুলের মতো মানুষের ক্ষেত্রেও ইতিবাচকতা ও মৌলিকত্বের মাঝেই সৌন্দর্য নিহিত। এছাড়া এল ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে বয়সকে একটি উপহার উল্লেখ করে তিনি জানান, সময়ের গুণগত মান বাড়িয়ে ভালো থাকাই আসল। ২০২৫ সালের গোল্ডেন গ্লোব মঞ্চে তিনি স্মরণ করিয়ে দেন, নিজেকে অন্যের মাপকাঠিতে বিচার না করলেই নিজের সঠিক মূল্যায়ন সম্ভব।
বর্তমানে ৬৪ বছর বয়সেও সমান সক্রিয় ডেমি টেলর শেরিডানের আলোচিত সিরিজ ‘ল্যান্ডম্যান’-এর ক্যামি মিলার চরিত্রে কাজ করছেন, যার তৃতীয় মৌসুম নিয়েও দর্শকদের আগ্রহ রয়েছে। বুটস রাইলির ছবি ‘আই লাভ বুস্টার্স’-এ ক্রিস্টি স্মিথ নামের ক্ষমতাবান ফ্যাশন কর্মকর্তার ভূমিকায় কেকে পামার, নাওমি অ্যাকি, টেইলর পেইজ ও ডন চিডলের সঙ্গে দেখা যাবে তাঁকে। এছাড়া ডেভিড ওয়েইলের পরিচালনায় নিউইয়র্কের অভিজাত রেস্তোরাঁকেন্দ্রিক থ্রিলার ‘টাইরান্ট’-এ শার্লিজ থেরন ও জুলিয়া গার্নারের সঙ্গেও চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সেলিব্রিটি নেট ওর্থ-এর ২০২৬ সালের ১ অক্টোবরের তথ্যমতে, অভিনয়, প্রযোজনা ও ব্যবসায়ের মাধ্যমে অর্জিত ডেমি মুরের মোট সম্পদের পরিমাণ প্রায় ২০ কোটি ডলার, যা বাংলাদেশি টাকায় আনুমানিক ২ হাজার ৪০০ কোটি টাকা। তথ্যসূত্র: টাইম সাময়িকী, পিপলডটকম, ভ্যারাইটি ও দ্য টক।