বিচারকদের সুরক্ষা নিশ্চিতের তাগিদ দিয়ে অতিরিক্ত জেলা জজদের জন্য যানবাহন ও সার্বক্ষণিক গানম্যানের ব্যবস্থা করা উচিত বলে মন্তব্য করেছেন আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা। ২০০৫ সালের ১৪ নভেম্বর ঝালকাঠিতে জেএমবির হামলায় নিহত দুই বিচারকের স্মরণে আয়োজিত এক সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিমত ব্যক্ত করেন। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে রোববার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের শহীদ সোহেল আহমেদ ও জগন্নাথ পাঁড়ে মিলনায়তনে এই স্মরণসভার আয়োজন করা হয়।
বক্তব্যে আইনসচিব বলেন, ‘আজও আদালত এবং বিচারকদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত হয়নি। দুই মেধাবী বিচারক জীবন দিয়ে আমাদের নিরাপত্তার বিষয়টি দেখিয়ে গেছেন।’ সভায় অন্যান্য আলোচকরা শহীদ সোহেল আহমেদ ও জগন্নাথ পাঁড়েকে স্মরণ করে আদালত চত্বরে প্রয়োজনীয় নিরাপত্তা জোরদারের দাবি তোলেন। এ সময় সম্প্রতি সিএমএম আদালত এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনাটি উল্লেখ করেন ঢাকার সিএমএম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
সেদিনের ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে ২০০৫ সালের ১৪ নভেম্বরের স্মৃতিচারণ করেন আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব আবদুল আউয়াল। তিনি নিহত দুই বিচারকের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে রাষ্ট্রের দায়িত্বশীল ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে আয়োজক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শহীদ দুই বিচারকের পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক প্রদান করা হয়। এছাড়া স্মরণসভায় আরও বক্তব্য রাখেন ঢাকার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম, মহানগর দায়রা জজ শাহজাহান কবির, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৪-এর বিচারক মুন্সী মশিয়ার রহমান এবং মুনতাসির আহমেদ।