অ্যামাজন এমজিএম স্টুডিও আনুষ্ঠানিকভাবে পরবর্তী জেমস বন্ড হিসেবে ৪০ বছর বয়সী ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসনের নাম ঘোষণা করেছে। নতুন এই কিস্তিটি পরিচালনা করবেন ডেনিস ভিলনভ, চিত্রনাট্য লিখছেন স্টিভেন নাইট এবং প্রযোজকের দায়িত্বে রয়েছেন অ্যামি প্যাসকেল ও ডেভিড হেইম্যান। নতুন বন্ডের আগমনের খবরের পাশাপাশি এখন দর্শকদের মধ্যে প্রবল কৌতূহল তৈরি হয়েছে তাঁর বিপরীতে কে হচ্ছেন প্রথম ‘বন্ড গার্ল’। অতীতে উরসুলা আন্দ্রেস, ডায়ানা রিগ, অনার ব্ল্যাকম্যান, মিশেল ইয়ো, ইভা গ্রিন এবং লেয়া সেদুর মতো অভিনেত্রীরা এই সিরিজে স্মরণীয় নারী চরিত্রে নিজেদের মেলে ধরেছেন। তবে সময়ের ধারায় এই চরিত্রটি এখন আরও স্বাবলম্বী ও বলিষ্ঠ ‘বন্ড ওম্যান’ হিসেবে ধরা দেওয়ার প্রত্যাশা জাগিয়েছে। প্যাটিনসনের সঙ্গে পর্দায় জুটি বাঁধার সম্ভাব্য তারকাদের নিয়ে একটি তালিকা প্রকাশ করেছে ভ্যারাইটি, যার ফ্যাশন ও স্টাইলে এগিয়ে থাকা শীর্ষ সাতজনকে নিয়েই মূলত আলোচনা।
সেই তালিকায় প্রথমেই রয়েছেন অসাধারণ ফিটনেসের অধিকারী সিডনি সুইনি, যিনি ‘ক্রিস্টি’ চলচ্চিত্রে বক্সারের চরিত্রের খাতিরে ৩০ পাউন্ড ওজন কমিয়ে চমক দেখিয়েছিলেন। তালিকায় আরও আছেন ‘ইউফোরিয়া’ সিরিজ খ্যাত হান্টার শেফার, যাঁর দৃঢ় ও স্বতন্ত্র সৌন্দর্য বন্ড গার্লের চরিত্রের জন্য একদম মানানসই। এই বছর প্যাটিনসনের সঙ্গে পর্দা ভাগ করে নেওয়া আকর্ষণীয় ডিভা জেন্ডায়াকেও চরিত্রটিতে দারুণ মানাবে। এ ছাড়া ধারালো শারীরিক গড়ন ও আকর্ষণীয় চেহারার ‘বার্বি’ খ্যাত মার্গো রবিও হতে পারেন এই ভূমিকার অন্যতম শক্তিশালী প্রতিযোগী।
তালিকায় আরও জায়গা পেয়েছেন ফাইট কোরিওগ্রাফিতে দক্ষ ফ্লোরেন্স পিউ, যিনি ইতিমধ্যে প্যাটিনসনের সঙ্গে ‘ডিউন থ্রি’ চলচ্চিত্রের শুটিং শেষ করেছেন। অন্যদিকে ‘ফেমে ফ্যাটাল’ হিসেবে পরিচিত অত্যন্ত আবেদনময়ী অভিনেত্রী এড্রিয়া আরজোনা এর মধ্যেই ছয়টি অ্যাকশন সিনেমায় অভিনয় করে নিজের সক্ষমতা দেখিয়েছেন। পাশাপাশি, বন্ডের ভিডিও গেমে কাজ করা চমৎকার পর্দা উপস্থিতির অভিনেত্রী জেমা চ্যানও রয়েছেন এই আলোচনায়। (ছবি: ইন্সটাগ্রাম)