ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড সাসটেইনেবিলিটি বিভাগের ডিরেক্টর পদে যোগ দিয়েছেন মোহাম্মদ শহীদুল ইসলাম। গত ১৫ নভেম্বর থেকে তাঁর এই পদায়ন কার্যকর হয়েছে। নতুন দায়িত্বের পাশাপাশি তিনি প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের ব্যবস্থাপনা কমিটিরও সদস্য হিসেবে কাজ করবেন। সংশ্লিষ্ট অঙ্গনে বিশ বছরেরও বেশি সময় ধরে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে শহীদুল ইসলামের। কর্মজীবনে জটিল ব্যবসায়িক ও নিয়ন্ত্রণমূলক পরিবেশ মোকাবিলা, টেকসই ব্যবসায়িক সমৃদ্ধি আনা, কৌশলগত অংশীজনদের সঙ্গে কার্যকর সংযোগ স্থাপন এবং করপোরেট পরিচিতি আরও উজ্জ্বল করার ক্ষেত্রে তিনি তাৎপর্যপূর্ণ অবদান রেখেছেন।
বর্তমান কর্মস্থলে আসার পূর্বে তিনি সিনজেনটা বাংলাদেশে ডিরেক্টর (করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড সাসটেইনেবিলিটি) পদে কর্মরত ছিলেন এবং সেখানে বোর্ড ও কান্ট্রি লিডারশিপ টিমের (সিএলটি) দায়িত্বও পালন করেন। এর আগে তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশে হেড অব এক্সটার্নাল রিলেশনস হিসেবেও সফলতার সঙ্গে কাজ করেছেন। শিক্ষাগত জীবনে শহীদুল ইসলাম ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম (ইউএসটিসি) থেকে মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) সম্পন্ন করেছেন। এ ছাড়া যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব কেমব্রিজ থেকে তিনি বিজনেস সাসটেইনেবিলিটি ম্যানেজমেন্ট প্রোগ্রাম সম্পন্ন করেন।
তাঁর এই যোগদান প্রসঙ্গে ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক রুহুল কুদ্দুস খান বলেন, ‘করপোরেট অ্যাফেয়ার্স, অংশীজন ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়ন বিষয়ে শহীদুল ইসলামের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের পরিবর্তনশীল ব্যবসায়িক ও নিয়ন্ত্রক পরিবেশ সম্পর্কেও তাঁর গভীর ধারণা রয়েছে। তাঁকে ইউনিলিভার বাংলাদেশে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। আমরা আশা করি, তাঁর নেতৃত্ব আমাদের ব্যবসাকে আরও শক্তিশালী করবে, অংশীজনদের জন্য দীর্ঘ মেয়াদে সুফল বয়ে আনবে।’