সংসদে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির
বৈশ্বিক বাজারে বাংলাদেশের সামগ্রিক বাণিজ্যঘাটতি বর্তমানে ২৪ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যার বড় একটি অংশ ভারতের সঙ্গে। রোববার জাতীয় সংসদে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে আয়োজিত প্রশ্নোত্তর পর্বে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এই তথ্য তুলে ধরেন। তিনি জানান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরীর প্রশ্নের পরিপ্রেক্ষিতে জানানো হয় যে, ২০২৪-২৫ অর্থবছরে বিশ্বের ২০২টি দেশে ৫৫ দশমিক ১৯ বিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি বিপরীতে ৭৯ দশমিক ৩৬ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করা হয়েছে। এর ফলে বাণিজ্যঘাটতি দাঁড়িয়েছে ২৪ দশমিক ১৭ বিলিয়ন ডলার। বাণিজ্যমন্ত্রী সতর্ক করে বলেন, জাতীয় রপ্তানির ৮৪ শতাংশই আসে তৈরি পোশাক শিল্প থেকে। ফলে বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছালে শুল্কমুক্ত ও অগ্রাধিকারমূলক বাণিজ্যিক সুবিধা সংকুচিত হবে, যার প্রভাবে প্রায় ১৭ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি ক্ষতির মুখে পড়তে পারে।
ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য প্রসঙ্গে সংসদ সদস্য মো. কেরামত আলী ও নাহিদ ইসলামের পৃথক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, ২০২৪-২৫ অর্থবছরে ভারতে ১ হাজার ৭৬৪ দশমিক ২৩ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানির বিপরীতে আমদানি হয়েছে ৯ হাজার ৬২৪ মিলিয়ন ডলারের পণ্য, যেখানে বাণিজ্যঘাটতি ছিল ৭ হাজার ৮৬০ মিলিয়ন ডলার। এছাড়া ২০২৫-২৬ অর্থবছরে দেশটিতে বাংলাদেশের ১ হাজার ৮০২ দশমিক ১৭ মিলিয়ন ডলারের রপ্তানির বিপরীতে আমদানির পরিমাণ দাঁড়ায় ১১ হাজার ৪৮ দশমিক ৫৮ মিলিয়ন ডলার, যার ফলে ঘাটতির অঙ্ক দাঁড়ায় ৯ হাজার ২৪৬ দশমিক ৪১ মিলিয়ন ডলারে। সাফটা ও আপটার আওতায় তামাক ও মদজাতীয় ২৫টি পণ্য বাদে ভারতে সব পণ্যে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার থাকলেও সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভারত, আফগানিস্তান, ভুটান ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যঘাটতি রয়েছে।
বাণিজ্যমন্ত্রী আরও অবহিত করেন, ২০২৬ সালের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ২২৪ কোটি ২৬ লাখ টাকার রপ্তানি আদেশ পাওয়া গেছে, যা ২০২৫ সালের ৩৯২ কোটি টাকার তুলনায় ৪২ দশমিক ৭৯ শতাংশ কম। সংসদ সদস্য সেলিম রেজা ও মো. আবদুল গফুরের প্রশ্নের জবাবে তিনি জানান, বাজার নিয়ন্ত্রণ ও কৃত্রিম সংকট রোধে সরকার তৎপর এবং প্রায় ৭২টি দেশ থেকে বাংলাদেশ ওষুধ আমদানি করে থাকে। আসন্ন রমজান নিয়ে সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠানের সম্পূরক প্রশ্নে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, বড় ধরনের কোনো বৈশ্বিক পরিবর্তন বা দুর্যোগ না হলে রমজানে পণ্যের সরবরাহ গতবারের চেয়ে ভালো থাকবে এবং দাম সহনীয় থাকবে। এছাড়া নিম্ন আয়ের প্রায় এক কোটি পরিবারকে টিসিবির আওতায় ভর্তুকি মূল্যে খাদ্য সহায়তার অনুমোদন রয়েছে, যার মধ্যে বর্তমানে ৭৮ লাখ পরিবার প্রতি মাসে এ সুবিধা পাচ্ছে বলে জানান তিনি।
এদিকে কর্মসংস্থান প্রসঙ্গে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে একটি মেধাভিত্তিক, স্বচ্ছ ও বিকেন্দ্রীভূত এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ গঠনের উদ্যোগ চলছে। সাজেদা সামাদ ও সেলিনা সুলতানার প্রশ্নের উত্তরে জানানো হয়, বর্তমান সরকারের সময়ে বিশ্বের ১১৫টি দেশে ৪ লাখ ৯৬ হাজার ১৫ জন বাংলাদেশি কর্মীর বৈদেশিক কর্মসংস্থান নিশ্চিত হয়েছে।
খাদ্য নিরাপত্তা নিয়ে সংসদ সদস্য মশিউর রহমানের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী আফরোজা খানম জানান, ২০২৫-২৬ অর্থবছরে দেশে খাদ্যশস্য উৎপাদিত হয়েছে ৪৩৪ দশমিক ৯৬ লাখ মেট্রিক টন (চাল ৪২৪ দশমিক ৬৭ লাখ ও গম ১০ দশমিক ২৯ লাখ মেট্রিক টন), যেখানে চলতি ২০২৬-২৭ অর্থবছরে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৫৩ দশমিক ৪৩ লাখ মেট্রিক টন। গত অর্থবছরে ৪২৩ লাখ মেট্রিক টন চালের চাহিদার বিপরীতে অভ্যন্তরীণ উৎপাদন এবং সরকারি-বেসরকারিভাবে ১২ দশমিক ৬৯ লাখ মেট্রিক টন আমদানির ফলে মোট সরবরাহ ছিল ৪৩৭ দশমিক ৩৩ লাখ মেট্রিক টন। জাতিসংঘের এফএও চলতি অর্থবছরে চালের চাহিদা ৪২৬ লাখ মেট্রিক টন নির্ধারণ করেছে। এছাড়া ৮২ লাখ মেট্রিক টন গমের চাহিদার বিপরীতে দেশে ১০ দশমিক ২৯ লাখ মেট্রিক টন উৎপাদন ও ৭৩ দশমিক ৩৪ লাখ মেট্রিক টন আমদানি হয়েছে। বর্তমানে নির্ধারিত ১৪ লাখ মেট্রিক টনের বিপরীতে খাদ্যশস্যের সরকারি নিরাপত্তা মজুত রয়েছে ২১ দশমিক ৪৭ লাখ মেট্রিক টন। খাদ্যে ভেজাল প্রসঙ্গে মন্ত্রী জানান, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও আইসিডিডিআরবির যৌথ পরীক্ষায় বাজারে ব্যবহৃত হলুদে ক্ষতিকর সিসা ও রঙের উপস্থিতি মিলেছে, যার বিরুদ্ধে নিয়মিত আইনি পদক্ষেপ চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন