‘ছেলের মৃত্যুর জন্য দায়ী কে?’ সড়ক দুর্ঘটনার ভুক্তভোগী স্মরণ দিবসে প্রশ্ন নিহত আদনানের বাবার
বিশ্ব সড়ক দুর্ঘটনার ভুক্তভোগীদের স্মরণ দিবস উপলক্ষে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সম্মেলনকক্ষে এক আলোচনা সভার আয়োজন করে নিরাপদ সড়ক আন্দোলন। ঢাকা, ১৫ নভেম্বর ২০২৬
সড়কে একের পর এক প্রাণ ঝরে পড়লেও এসব অনাকাঙ্ক্ষিত মৃত্যুর দায় কেউ নিতে চায় না বলে ক্ষোভ জানিয়েছেন ভুক্তভোগী ও তাঁদের পরিবারের সদস্যরা। প্রিয় সন্তান কিংবা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্বজনরা যেমন বিচারবঞ্চিত হচ্ছেন, তেমনি অনেক সময় আহতরা সময়মতো চিকিৎসাও পান না। রবিবার ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সম্মেলনকক্ষে ‘বিশ্ব সড়ক দুর্ঘটনার ভুক্তভোগীদের স্মরণ দিবস’ উপলক্ষে নিরাপদ সড়ক আন্দোলন আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা উঠে আসে। অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়কে মৃত্যুকে স্রেফ দুর্ঘটনা হিসেবে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই; চালকের বেপরোয়া মনোভাব, মাদকাসক্তি, যান্ত্রিক ত্রুটি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার জন্য জবাবদিহি নিশ্চিত করা জরুরি।
সভায় অংশ নিয়ে ২০১৯ সালে যমুনা ফিউচার পার্কের সম্মুখে বাসের চাপায় নিহত শিক্ষার্থী আদনান তাসিনের বাবা আহসান উল্লাহ ক্ষোভ প্রকাশ করে বলেন, তাঁর অত্যন্ত মেধাবী সন্তানটি কোনো সড়ক দুর্ঘটনার শিকার হয়নি, বরং হত্যাকাণ্ডের শিকার হয়েছিল। তিনি প্রশ্ন তোলেন, ‘আমার ছেলের মৃত্যুর জন্য দায়ী কে?’ তিনি জানান, সন্তান বিয়োগের পর কোনো বিচার বা সহানুভূতি তিনি পাননি। দুর্ঘটনা রোধে চালকদের রেষারেষি বন্ধ, মাদকাসক্ত চালকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও জনসচেতনতা বাড়ানোর তাগিদ দেন তিনি। সভার শুরুতে ২০১৮ সালের ২৯ জুলাই বিমানবন্দর সড়কে নিহত আবদুল করিম রাজীব ও দিয়া খানম মীমসহ বিভিন্ন সময় সড়কে প্রাণ হারানোদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি আবদুল্লাহ মেহেদি। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২৩ সালের প্রতিবেদনের বরাতে জানান, ২০২১ সালে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় আনুমানিক ৩১ হাজার ৫৭৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া জাতীয় স্বাস্থ্য ও আঘাত জরিপ ২০২৩-২৪ অনুসারে, দেশে বছরে প্রায় ২৪ হাজার ২৩৩ জন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান এবং আহত হন ৩০ লাখের বেশি মানুষ, যাদের মধ্যে প্রায় ৩৮ হাজার ২৮ জন বরণ করেন স্থায়ী পঙ্গুত্ব। তিনি মাত্রাতিরিক্ত গতি, অসতর্কভাবে গাড়ি চালানো, ত্রুটিপূর্ণ যানবাহন, সড়কের ভুল নকশা ও আইন প্রয়োগের সীমাবদ্ধতাকে দুর্ঘটনার মূল কারণ হিসেবে চিহ্নিত করেন।
দুর্ঘটনায় জখম হয়ে হাসপাতালে কাটানো দিনগুলোর কথা স্মরণ করে ডিটিসিএর সাবেক নির্বাহী পরিচালক নীলিমা আখতার বলেন, শারীরিক ক্ষতের চেয়ে মানসিক আঘাত অনেক বেশি গভীর হয়। ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, চিকিৎসার ব্যয় ও পরিবারের দুশ্চিন্তা ভুক্তভোগীকে নিঃস্ব করে দেয়। সড়ক নিরাপদ করতে তিনি আন্তর্জাতিক মানসম্পন্ন আইন প্রণয়ন ও পথচারীদের জন্য নীতিমালা তৈরির দাবি জানান। অন্যদিকে নাগরিক প্ল্যাটফর্ম ভয়েস ফর রিফর্মের যুগ্ম আহ্বায়ক এ কে এম ফাহিম মাশরুর বলেন, সড়ক আইন লঙ্ঘনের শাস্তির ব্যবস্থা থাকলেও তা বাস্তবায়নে ব্যর্থ কর্মকর্তাদের জবাবদিহির কোনো কাঠামো নেই; তাই আইন প্রয়োগকারীদের দায়িত্বহীনতার জন্যও জবাবদিহি থাকা দরকার।
উদ্বোধনী বক্তব্যে ডিটিসিএর অতিরিক্ত নির্বাহী পরিচালক মো. মশিউর রহমান জানান, বিগত ১০০ বছরের সড়ক দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতির ইতিহাস প্রদর্শনের পাশাপাশি ভিডিও ও চিত্রের মাধ্যমে জনসচেতনতা তৈরি করতে একটি সড়ক নিরাপত্তা জাদুঘর প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে তাঁদের। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নিরাপদ সড়ক আন্দোলনের দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম আবু সাইদ, ডিটিসিএর পরিচালক মোস্তাফিজুর রহমান এবং বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ।





আপনার মতামত লিখুন