চার দশকে ৪৫৩ কোটি টাকার দাবি মেটাল ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স
ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্সের ৪০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু; সংসদ সদস্য ও বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি সাঈদ আহমেদ; এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক এবং ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মাহবুবুর রহমানসহ অন্যরা
বেসরকারি খাতের নন-লাইফ বিমা প্রতিষ্ঠান ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স চার দশক পূর্ণ করেছে। ১৯৮৬ সালে কার্যক্রম শুরুর পর থেকে এ যাবৎ প্রতিষ্ঠানটি সর্বমোট ৪৫৩ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে। একই সঙ্গে এই সময়ে শেয়ারহোল্ডারদের জন্য ১৮৩ কোটি টাকা লভ্যাংশ প্রদান এবং জাতীয় কোষাগারে কর বাবদ ৮৮ কোটি টাকা পরিশোধ করেছে তারা। এক সংবাদ বিজ্ঞপ্তির বরাতে প্রতিষ্ঠানটি এসব তথ্য প্রকাশ করেছে।
৪০ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য ও বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি সাঈদ আহমেদ। এতে আরও উপস্থিত ছিলেন দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মাহবুবুর রহমান অর্থনীতিতে বিমা খাতের ভূমিকা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি তুলে ধরেন, দেশের জিডিপিতে এ খাতের অংশীদারত্ব মাত্র শূন্য দশমিক ৩৫ শতাংশ, যেখানে অন্যান্য উদীয়মান বাজারে এর গড় হার ২ দশমিক ৫ শতাংশ। মোটর বিমা বাধ্যতামূলক নয় এমন একমাত্র দেশ বাংলাদেশ উল্লেখ করে তিনি ‘সড়ক পরিবহন (সংশোধন) আইন, ২০২৪’ পুনর্বিবেচনার দাবি জানান। এ ছাড়া করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, জুলাই গণ–অভ্যুত্থান, ইসরায়েল-ইরান যুদ্ধসহ শিল্প খাতের প্রতিকূলতায় বেসরকারি খাত রক্ষায় বিমা খাতের কার্যকর অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি রপ্তানিমুখী শিল্পের ক্ষয়ক্ষতি রোধে সরকারের ইতিবাচক পদক্ষেপ কামনা করেন।





আপনার মতামত লিখুন