কাবা চত্বরের বিরল আট পাথর: আট শতাব্দীর স্মৃতি ও নামাজের সূচনা-ইতিহাস
কাবার দেয়ালের গোড়ার সাদা মার্বেলের ভিত্তি, যাকে বলে শাজারাওয়ান, তার ওপর সারি দিয়ে সেগুলো বসানো। এর নাম ‘আল-মাজান’
পবিত্র কাবা শরিফ তাওয়াফকালে দরজার ডান প্রান্তে নজর দিলে চোখে পড়বে হলদে-বাদামি আভার আটটি পাথরের টুকরো। কাবার কাঠামোর তলদেশে থাকা শ্বেত মার্বেলের ভিত্তি—যা ‘শাজারাওয়ান’ নামে পরিচিত—তার ওপর এগুলো সারিবদ্ধভাবে বসানো রয়েছে। সাধারণ তাওয়াফকারীদের অনেকেই ছবি তুলে বা একপলক দেখে প্রস্থান করলেও এই পাথরগুলো মূলত ইসলামের নামাজ শিক্ষার ঐতিহাসিক মুহূর্তকে ধারণ করে আছে। সৌদি আরবের দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধানবিষয়ক সাধারণ কর্তৃপক্ষের তথ্যমতে, আট শতকেরও অধিক পুরোনো এই পাথরগুলো বৈশ্বিকভাবে অত্যন্ত বিরল মার্বেল, যা ‘মেরি স্টোন’ বা আরবিতে ‘মারমার’ এবং বাংলায় অ্যালাবাস্টার নামে পরিচিত। প্রায় ৮০৭ বছর প্রাচীন এই পাথরের সবচেয়ে বড় খণ্ডটির দৈর্ঘ্য আনুমানিক ৩৩ সেন্টিমিটার ও প্রস্থ ২১ সেন্টিমিটার।
পাথরগুলোর আদি অবস্থান কিন্তু বর্তমান স্থানটিতে ছিল না। অতীতে কাবার দরজার ডান দিকে প্রাচীর ঘেঁষে তাওয়াফ চত্বরের তুলনায় নিচু একটি খাঁজ ছিল। ঐতিহাসিক মানসুর আদ-দাআজানির হিসাব অনুযায়ী, স্থানটি দৈর্ঘ্যে প্রায় দুই মিটার, প্রস্থে ১১২ সেন্টিমিটার এবং গভীরতায় প্রায় ২৮ সেন্টিমিটার ছিল, যেখানে একজনের বেশি মানুষের দাঁড়ানোর পরিসর ছিল না। ওসমানিয়া আমলের ইতিহাসবিদ আইয়ুব সাবরি পাশার ‘মিরআতুল হারামাইন’ গ্রন্থের তথ্য অনুযায়ী, জায়গাটির নাম ছিল ‘আল-মাজান’, যার অর্থ খামির বা কাদা তৈরির স্থান। কথিত আছে, হজরত ইব্রাহিম (আ.) কাবা নির্মাণের সময় পাথর গাঁথতে এখানে কাদা প্রস্তুত করেছিলেন। ইসলামপূর্ব যুগে স্থানটির তেমন উল্লেখ না থাকলেও ফেরেশতা জিবরাইল (আ.)-এর নামাজে ইমামতির ঐতিহাসিক ঘটনার মাধ্যমে এটি বিশেষ মর্যাদায় ভূষিত হয়।
সুনানে আবু দাউদের ৩৯৩ নম্বর হাদিস সূত্রে জানা যায়, মহানবী (সা.)-কে সঙ্গে নিয়ে জিবরাইল (আ.) কাবার পাশে টানা দুই দিন নামাজ আদায় করেছিলেন। প্রথম দিন প্রতিটি ওয়াক্তের শুরুতে এবং দ্বিতীয় দিন ওয়াক্তের শেষ প্রান্তে জামাত পরিচালনা শেষে তিনি উল্লেখ করেন, ‘এই দুই সময়ের মাঝখানেই নামাজের ওয়াক্ত। এটাই আপনার আগের নবীদেরও সময়।’ সপ্তম হিজরি শতকের বিচারক ও ইসলামি স্কলার ইজ্জ ইবনে আবদুস সালামের বর্ণনায় এসেছে, কাবার দেয়ালসংলগ্ন ‘মাজান’ নামের সেই গর্তেই জিবরাইল (আ.) নবীজিকে পাঁচ ওয়াক্ত নামাজের সময়সীমা শিক্ষা দিয়েছিলেন। এমনকি উম্মে নাহশালের বন্যার পরবর্তী সময়ে হজরত উমর (রা.) কর্তৃক পুনঃস্থাপনের আগ পর্যন্ত মাকামে ইবরাহিমও কিছুকাল এই খাঁজে সংরক্ষিত ছিল।
গবেষক মুহিউদ্দিন আল-হাশিমি জানান, ৬৩১ হিজরিতে (আনুমানিক ১২৩৩–৩৪ খ্রিষ্টাব্দে) তাওয়াফ চত্বর বা মাতাফ সংস্কারের প্রাক্কালে এক আব্বাসি খলিফা এই মার্বেলগুলো উপহারস্বরূপ পাঠান। সেখানে থাকা একটি নীল পাথরের নিচের লিপি অনুযায়ী খলিফার নাম আবু জাফর আল-মানসুর পাওয়া যায়, যিনি প্রকৃতপক্ষে দ্বিতীয় আব্বাসি খলিফা নন; বরং তিনি ছিলেন খলিফা আল-মুস্তানসির বিল্লাহ (শাসনকাল ৬২৩–৬৪০ হিজরি), যাঁর উপনাম আবু জাফর এবং উপাধি আল-মানসুর ছিল। পরবর্তী সময়ে ১২১৩ হিজরিতে (আনুমানিক ১৭৯৮–৯৯ খ্রিষ্টাব্দে) পাথরগুলো চুরি হয়ে যায়। ‘মিরআতুল হারামাইন’-এ চুরির ঘটনার উল্লেখ থাকলেও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। প্রায় ১৬৪ বছর নিখোঁজ থাকার পর এক মৃত ব্যক্তির উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জিনিসপত্রের মধ্যে পাথরগুলো উদ্ধার করা হয় এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ১৩৭৭ হিজরিতে কাবার মূল চত্বরে এগুলো ফিরিয়ে আনা হয়।
পরবর্তীতে ১৩৭৭ হিজরিতেই (আনুমানিক ১৯৫৭–৫৮ খ্রিষ্টাব্দে) সৌদি শাসনামলের প্রথম হারাম সম্প্রসারণের সময় মানুষের প্রচণ্ড ভিড় এবং পদপিষ্ট হয়ে গর্তে পড়ে যাওয়ার ঝুঁকি দূর করতে খাঁজটি ভরাট করে সমতল করা হয়। তখন স্মৃতিচিহ্ন হিসেবে পাথরগুলো ভরাটকৃত স্থানের ঠিক বিপরীতে শাজারওয়ানের ওপর স্থানান্তর করা হয়। এরপর ১৪১৭ হিজরিতে (আনুমানিক ১৯৯৬–৯৭ খ্রিষ্টাব্দে) কাবার সংস্কারের অংশ হিসেবে শাজারওয়ানের পুরোনো মার্বেল প্রতিস্থাপনের সময়েও বিরল এই পাথরগুলো সযত্নে আগের স্থানে রেখে দেওয়া হয়। ‘দি ইসলামিক ইনফরমেশন ডটকম’ সূত্রে জানা যায়, এই প্রাচীন পাথরগুলো শুধু দর্শনীয় বস্তু নয়, বরং ইব্রাহিমি রেওয়াজ এবং নামাজের সূচনার এক অনুপম স্মারক হিসেবে টিকে রয়েছে।





আপনার মতামত লিখুন