ইসরায়েলে সরকার গঠনের টানাপোড়েন: অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে কতটুকু কর্তৃত্ব রয়েছে নেতানিয়াহুর
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
ইসরায়েলের জাতীয় সংসদ নির্বাচনের দুই সপ্তাহ পর নতুন সরকার গঠনের জন্য বিরোধী জোটের প্রধান গাদি আইজেনকোটকে আমন্ত্রণ জানান দেশটির প্রেসিডেন্ট আইজাক হারজগ। গত ৮ নভেম্বর জেরুজালেমে অবস্থিত প্রেসিডেন্ট কার্যালয়ে এ দায়িত্ব অর্পণ করা হয়। তবে পার্লামেন্ট নেসেটে সরকার গঠনে প্রয়োজনীয় ৬১টি সংখ্যাগরিষ্ঠ আসন আইজেনকোট কিংবা বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু—কারও জোটের হাতেই নেই। এমন অচলাবস্থার মধ্যে আইজেনকোট জোটের শরিক দলগুলো ছাড়াও আরব দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। অপরদিকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিজের দায়িত্ব বজায় রেখেছেন নেতানিয়াহু। সাংবিধানিক নিয়ম অনুসারে, বিরোধী দলনেতা ব্যর্থ হলে সরকার গঠনের সুযোগ দেওয়া হবে নেতানিয়াহুকে। তিনিও ব্যর্থ হলে পরবর্তী নির্বাচনের ঘোষণা দেবেন প্রেসিডেন্ট এবং সেই নির্বাচন শেষে নতুন মন্ত্রিসভা গঠিত না হওয়া পর্যন্ত নেতানিয়াহুই অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে বহাল থাকবেন।
বর্তমান এই পরিস্থিতি নিয়ে আল–জাজিরাকে দেওয়া বক্তব্যে ইসরায়েলের ফিলিস্তিনি বিশ্লেষক ইহাব জাবারীন জানান, সরকার গঠনের প্রথম সুযোগ না পেলেও নেতানিয়াহু ক্ষমতাচ্যুত হননি। বিরোধীদের অভ্যন্তরীণ অনৈক্যই এখন তাঁর টিকে থাকার হাতিয়ার, কারণ তাঁকে সরাতে তাদের সমঝোতায় পৌঁছানো জরুরি। জাবারীন এই দশাকে ‘সাংবিধানিক জটিলতা’ হিসেবে আখ্যায়িত করেন, যেখানে গণসমর্থন না থাকা সত্ত্বেও নেতানিয়াহু পদে বহাল থাকতে পারছেন। তবে এই অন্তর্বর্তীকালীন সুযোগ কাজে লাগিয়ে নিজের বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলাগুলো থেকে রক্ষা পেতে কোনো নতুন আইন পাসের ক্ষমতা তাঁর থাকবে না।
ইসরায়েলে কোনো একক লিখিত সংবিধান না থাকায় রাষ্ট্রটি ‘বেসিক ল’ বা মৌলিক আইনের দ্বারা পরিচালিত হয়। ‘বেসিক ল: দ্য গভর্মেন্ট’-এর ৩০ অনুচ্ছেদ অনুসারে, নতুন মন্ত্রিসভার শপথের পূর্ব পর্যন্ত বিদায়ী প্রশাসন নিরবচ্ছিন্নভাবে শাসনকাজ অব্যাহত রাখে। ধারাবাহিকতার এই ধারায় নেতানিয়াহু প্রশাসন নিরাপত্তা, রাষ্ট্র ও পররাষ্ট্র সম্পর্কের দায়িত্ব পালন করলেও তা সতর্কতা ও সংযমের সঙ্গে করতে হয়। সামরিক ক্ষেত্রে নেতানিয়াহুর কর্তৃত্ব ও নতুন নিয়োগের অধিকার বলবৎ থাকলেও তাঁর প্রতিটি সিদ্ধান্তেই বাড়তি নজরদারি থাকবে, কেননা আইনি ক্ষমতার পেছনে আগের মতো গণবৈধতা নেই। এছাড়া মৌলিক আইনের ৪০ অনুচ্ছেদ অনুযায়ী, মন্ত্রিসভার সংখ্যাগরিষ্ঠ ভোট ছাড়া নেতানিয়াহু এককভাবে কোনো নতুন যুদ্ধ শুরু করতে পারবেন না।
বিশ্লেষক জাবারীন মনে করেন, নেতানিয়াহু হয়তো নতুন কোনো সংঘাত শুরু করবেন না, তবে রাজনৈতিক সুবিধার জন্য ইরান ও লেবাননসংক্রান্ত বিদ্যমান উত্তেজনাগুলোকে কাজে লাগাতে পারেন। বিরোধী নেতা আইজেনকোট ও তাঁর অংশীদারেরা বর্তমান নিরাপত্তা মন্ত্রিসভার বাইরে থাকায় গোয়েন্দা তথ্য উপস্থাপনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেতানিয়াহুর হাতেই থাকছে। অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা ‘শিন বেত’ সরাসরি প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করায় মন্ত্রিসভার কাছে ঝুঁকির মাত্রা কোন পর্যায়ে তুলে ধরা হবে, তা তিনিই নির্ধারণ করছেন।
ইসরায়েলবিষয়ক বিশ্লেষক ও লেখক মায়সারা বাহর সতর্ক করে বলেন, মসৃণ ক্ষমতা হস্তান্তর ব্যাহত করতে অভ্যন্তরীণ বিশৃঙ্খলা উসকে দেওয়াসহ নিজের টিকে থাকার প্রয়োজনে যেকোনো পদক্ষেপ নিতে পারেন নেতানিয়াহু। বাহর আল–জাজিরাকে আরও জানান, এমন কিছু আর্থিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে যা ভবিষ্যৎ প্রশাসনের কার্যক্রমে প্রতিবন্ধকতা তৈরি করবে। এদিকে জায়োনিস্ট ভোটারদের কাছে আইজেনকোটের জোটকে আরব দলগুলোর ওপর নির্ভরশীল হিসেবে চিহ্নিত করে বিরোধীদের মধ্যে ফাটল ধরানোর রাজনৈতিক কৌশলও প্রয়োগ করছেন নেতানিয়াহু।
ইসরায়েলের এই অন্তর্বর্তীকালীন ব্যবস্থার সঙ্গে অন্যান্য সংসদীয় ব্যবস্থার বেশ সামঞ্জস্য রয়েছে। ভারত ও যুক্তরাজ্যের অন্তর্বর্তীকালীন সরকারপ্রধানেরা নির্বাচিত নেতার সমান আইনি ক্ষমতা পেলেও প্রচলিত সাংবিধানিক রীতি মেনে যুদ্ধ বা বড় কোনো নীতি নির্ধারণ থেকে নিবৃত্ত থাকেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রে বিদায়ী রাষ্ট্রপ্রধানকে উত্তরসূরির অভিষেকের আগে আড়াই মাসের সুনির্দিষ্ট মেয়াদে কাজ করতে হয় এবং বাজেট, নিয়োগ ও ক্ষমতা হস্তান্তরের বিষয়ে তীব্র কংগ্রেসীয় তদারকির মুখোমুখি হতে হয়।





আপনার মতামত লিখুন