বিশ্বকাপ জয়ের অনন্য ইতিহাস: দুই ভ্রাতৃদ্বয়ের বিশ্বজয়ের রোমাঞ্চকর উপাখ্যান
ইংল্যান্ডের কিংবদন্তি জ্যাক ও ববি চার্লটন
ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সহোদর ভাইদের একসঙ্গে ট্রফি জয়ের ঘটনা ঘটেছে মাত্র দুবার। ১৯৫৪ সালে পশ্চিম জার্মানির হয়ে এই ঐতিহাসিক কীর্তি গড়েছিলেন ফ্রিৎস ভালটার ও অটমার ভালটার। এর ঠিক এক যুগ বাদে ১৯৬৬ সালে ঘরের মাঠে একই গৌরবগাথা রচনা করেন ইংল্যান্ডের দুই কিংবদন্তি জ্যাক চার্লটন ও ববি চার্লটন। ফিফার তথ্যে ফিরে দেখা যাক এই দুই ভ্রাতৃদ্বয়ের বিশ্বকাপ জয়ের স্মরণীয় অধ্যায়।
সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ১৯৫৪ আসরে পশ্চিম জার্মানির মূল আক্রমণাত্মক ভরসা ছিলেন ভালটার ভাইয়েরা। নিজেদের স্থানীয় ক্লাব কায়জারস্লাউটার্নের হয়ে গোলবন্যা বইয়ে দেওয়া এই জুটি বিশ্বমঞ্চেও নিজেদের প্রমাণ করেন। ফ্রিৎসের চেয়ে তিন বছরের ছোট ৩০ বছর বয়সী অটমার তুরস্কের বিপক্ষে প্রথম সাক্ষাতে ৪-১ ব্যবধানের জয়ের ম্যাচে দলের তৃতীয় গোলটি করেন। পরবর্তী সময়ে প্লে-অফে একই দলের বিপক্ষে ৭-২ গোলের বড় জয়ে দুই ভাই-ই লক্ষ্যভেদ করে দলকে নকআউটে তোলেন। যুগোস্লাভিয়াকে বিদায় করে সেমিফাইনালে অস্ট্রিয়ার মুখোমুখি হয় জার্মানি। সেই ম্যাচে ৬-১ গোলের জয়ে অটমার জোড়া গোল করেন এবং দলনেতা ফ্রিৎস দুটি পেনাল্টি থেকে গোল আদায় করে ফাইনালে ওঠেন।
এরপর মঞ্চস্থ হয় বিখ্যাত ‘বার্নের অলৌকিক ঘটনা’। গ্রুপ পর্বে পুসকাসদের অপ্রতিরোধ্য হাঙ্গেরির কাছে ৮-৩ ব্যবধানে উড়ে যাওয়া পশ্চিম জার্মানি ফাইনালেও প্রথম আট মিনিটে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েছিল। তবে অদম্য জার্মানি দারুণভাবে ঘুরে দাঁড়ায়; ম্যাক্সিমিলিয়ান মরলকের ব্যবধান কমানোর পর হেলমুট রানের জোড়া গোলে ইতিহাস গড়ে তারা। প্রিয় ছোট ভাই অটমারকে পাশে নিয়ে পশ্চিম জার্মানির প্রথম অধিনায়ক হিসেবে জুলে রিমে ট্রফি মাথায় তোলেন ফ্রিৎস।
ইংলিশ ফুটবলের অনন্য দুই মহাতারকা জ্যাক ও ববি চার্লটনের জন্ম ইংল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় ছোট শহর অ্যাশিংটনে। ১৯৬৬ সালে ‘থ্রি লায়ন্স’দের একমাত্র বিশ্বকাপ জয়ের প্রধান স্তম্ভ ছিলেন এই দুই সহোদর। জ্যাক ছিলেন রক্ষণভাগের আপসহীন প্রহরী, অন্যদিকে অসাধারণ কৌশলী ববি মাঝমাঠ ও আক্রমণভাগের প্রতিটি পজিশনেই ছিলেন দুর্দান্ত।
ওয়েম্বলিতে উরুগুয়ের সাথে গোলশূন্য ড্র দিয়ে আসর শুরুর পর মেক্সিকোর বিরুদ্ধে ২-০ ব্যবধানের জয়ে প্রথম গোলটি করে ২৮ বছর বয়সী ববি দলকে ছন্দ এনে দেন। এরপর ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে নকআউট নিশ্চিত করে স্বাগতিকেরা। ৩১ বছর বয়সী জ্যাক অধিনায়ক ববি মুরের সঙ্গে রক্ষণভাগ সামলে আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনালে ১-০ গোলে হারানোর পথে টানা চতুর্থ ম্যাচে গোলপোস্ট অক্ষত রাখেন। ইউসেবিওর পর্তুগালের বিপক্ষে সেমিফাইনালে ২-১ গোলের জয়ের মূল কারিগর ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ববি; তিনি দলের পক্ষে দুটি গোলই করেন, যার দ্বিতীয়টি ছিল বক্সের ভেতর থেকে নেওয়া তাঁর ট্রেডমার্ক জোরালো শট। ফাইনালে পশ্চিম জার্মানির বিপক্ষে জিওফ হার্স্টের হ্যাটট্রিকে অতিরিক্ত সময়ে ৪-২ ব্যবধানে জিতে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড।





আপনার মতামত লিখুন