পল্লবীর সিরামিক রোডে মিরপুর লিংক নামের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
রাজধানীর পল্লবী ও মহাখালী এলাকায় দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো ব্যক্তি হতাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।
পল্লবীর অগ্নিকাণ্ডের বিষয়ে ডিএমপির পল্লবী অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আশরাফুল ইসলাম প্রথম আলোকে জানান, রাত ৮টা ৫০ মিনিটের দিকে সিরামিক রোডে রাস্তার পাশে পার্ক করে রাখা ‘মিরপুর লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই সময় বাসের ভেতরে কোনো যাত্রী ছিলেন না। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালান। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পল্লবী থানা-পুলিশ।
অপরদিকে মহাখালীর ঘটনা সম্পর্কে গুলশান অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মুহাম্মদ জাহিদ হাসান জানান, রাত ৯টা ২০ মিনিটের দিকে সরকারি তিতুমীর কলেজের সামনে ‘আলিফ পরিবহন’-এর একটি বাসে আগুন লাগে। গুলশান থেকে মহাখালীর দিকে আসার সময় চলন্ত বাসটির পেছনের অংশে অজ্ঞাত ব্যক্তিরা আগুন ধরিয়ে দেয়। তবে এতে কেউ হতাহত হননি। তিনি আরও জানান, শুরুতে স্থানীয় বাসিন্দারা আগুন নেভাতে এগিয়ে আসেন এবং পরবর্তী সময়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে কাজ শুরু করেন।
এর আগে রাত সাড়ে ৮টার দিকে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের প্রধান প্রবেশদ্বারের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, একটি মোটরসাইকেলে করে আসা দুজন ব্যক্তি ককটেল ছুড়ে দ্রুত পালিয়ে যায়।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ১৬ নভেম্বর পর্যন্ত বিগত ১০ দিনে সারা দেশে ৪৯টি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে এবং বিভিন্ন এলাকায় ৫৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ককটেল বিস্ফোরণে পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বাহিনীর দুটি স্থাপনাও লক্ষ্যবস্তু করা হয়। এসব ঘটনায় এ পর্যন্ত ৩৩টি মামলা দায়ের এবং ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। আগামী ডিসেম্বরে তাঁর দেশে ফেরার ঘোষণা দিয়ে দলটির নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কর্মসূচি দিচ্ছেন। পুলিশের দাবি, এসব কর্মসূচিকে কেন্দ্র করেই রাজধানী ঢাকাসহ দেশের নানা জেলায় যানবাহনে অগ্নিসংযোগ এবং পুলিশের স্থাপনা নিশানা করে ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে।
আপনার মতামত লিখুন