সুন্দরবনপ্রান্তের হরিহরপুর গ্রামে মাহাতো জনগোষ্ঠীর টিকে থাকার লড়াই ও পরিবর্তনের গল্প
ছবি: হরিহরপুর গ্রামে মাহাতো জনগোষ্ঠীর সঙ্গে লেখকের মতবিনিময় সভা (২৯ অক্টোবর ২০২৬)
বাংলাদেশের উত্তর ও পূর্বাঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠী মাহাতোদের সম্পর্কে নানা তথ্য মিললেও খুলনার সুন্দরবনসংলগ্ন অঞ্চলে তাদের উপস্থিতি অনেকের কাছেই অজানা। সেই অজানা বাস্তবতার সন্ধানে তরুণ নামের এক স্থানীয় বাসিন্দার আহ্বানে গত ২৯ অক্টোবর ২০২৬ খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নের হরিহরপুর গ্রামটি সরেজমিনে পরিদর্শন করা হয়। কপোতাক্ষ ও শাকবাড়িয়া নদীর মধ্যবর্তী নিচু সমভূমিতে গড়ে ওঠা বাঁধঘেরা এ গ্রামটিতে চরম প্রতিকূল জলবায়ুর মুখোমুখি হয়েও শতবর্ষ ধরে মাহাতোরা নিজেদের স্বকীয় সংস্কৃতি ও ধারা বজায় রেখে চলেছেন।
বর্তমানে ছোট্ট হরিহরপুর গ্রামে বাস করছে মাত্র ১৪১টি পরিবার; যার মধ্যে হিন্দু ১০০টি, মাহাতো ৩৫টি এবং মুসলিম ৬টি। অথচ করিম ও ইসলামের ২০০৬ সালের একটি গবেষণায় এখানে ৫১টি মাহাতো পরিবারের বসবাসের উল্লেখ ছিল। হরিহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুজয় মিস্ত্রীর তথ্যমতে, ২০০১ সালেও এ গ্রামে মাহাতো ভোটারের সংখ্যা ছিল ৩০০, যা বর্তমানে নেমে এসেছে মাত্র ১০০-তে। স্থানীয় প্রবীণ ও শিক্ষিত ব্যক্তিদের মতে—নদীভাঙন, ঘূর্ণিঝড়, লবণাক্ততা বৃদ্ধি, বনের সম্পদে টান, কর্মসংস্থানের অভাব, জলদস্যুর উপদ্রব ও নিরাপত্তাহীনতাসহ ভূরাজনৈতিক নানা কারণে বহু পরিবার ভিটেমাটি ছেড়েছেন। তাদের একটি বড় অংশ জীবিকা ও নিরাপত্তার খোঁজে ভারতের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদীয়া, ঝাড়খণ্ড, ওড়িশা ও হুগলি জেলায় চলে গেছেন। গ্রামের বয়োবৃদ্ধ মোড়ল মতিলাল মাহাতো জানান, অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে সুন্দরবন কেটে আবাদ তৈরির উদ্দেশ্যে ভারতের হাজারিবাগ, পুরুলিয়া, রাঁচি ও ধানবাদ এলাকা থেকে তাদের পূর্বপুরুষরা এখানে এসেছিলেন।
করিম ও ইসলামের ২০০৬ সালের গবেষণা অনুযায়ী, এখানকার ৭৮ দশমিক ৪৩ শতাংশ মাহাতো কৃষির সঙ্গে সম্পৃক্ত। এ ছাড়া নারী ও পুরুষ উভয়েই সমান দক্ষতায় মাটি কাটা এবং নদীতে নেমে চিংড়িপোনা ও কাঁকড়া আহরণ করে সংসার চালান। তাদের কঠোর পরিশ্রমের কারণে স্থানীয় বন বিভাগ ও সম্পন্ন কৃষকেরা তাদের দিনমজুর হিসেবে কাজে নেন। তবে জলবায়ু পরিবর্তন তাদের জীবনকে ঝুঁকিপূর্ণ করে তোলায় কেউ কেউ মুদিদোকান, চায়ের দোকান, দর্জির কাজ কিংবা মাটির পাত্র বিক্রির মতো ক্ষুদ্র ব্যবসাতেও যুক্ত হচ্ছেন।
পরিবর্তন এসেছে শিক্ষা ও ধর্মীয় আচারেও। হরিহরপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কমিউনিটি স্কুলের পাশাপাশি মেনোসাইট সেন্ট্রাল কমিটি-বাংলাদেশ-এর সহায়তায় পরিচালিত হরিহরপুর কোচিং সেন্টারের (১ ও ২) মাধ্যমে শিক্ষার্থীরা নিয়মিত টিউশন ও উপবৃত্তি সহায়তা পাচ্ছে। ধর্মাচরণের ক্ষেত্রে তারা এখন প্রকৃতিপূজা ছেড়ে সনাতন রীতিনীতি গ্রহণ করেছেন এবং হিন্দু পুরোহিত দিয়ে পূজা সম্পন্ন করেন। গ্রামে রয়েছে সর্বজনীন দুর্গামন্দির, কালীমন্দির ও হরিপুর মাহাতোপাড়া সর্বজনীন শ্যামা কালীমন্দির। পূর্বে ইঁদুর, ব্যাঙ, কাঁকড়া বা মদ খাওয়ার অভ্যাস থাকলেও খাদ্যাভ্যাসেও এখন পরিবর্তন এসেছে। সগোত্রে বিয়ের রীতি থাকলেও সম্প্রতি ভিন্ন সম্প্রদায়ের সঙ্গেও মাহাতোদের বিয়ে হচ্ছে। স্থানীয় ৮ জন নারী-পুরুষ ভিন্ন সম্প্রদায়ে বিয়ে করেছেন, যার মধ্যে ২টি পারিবারিকভাবে এবং বাকিগুলো প্রেমের সম্পর্কের সূত্রে। এ ছাড়া সিরাজগঞ্জ, ফরিদপুর, বগুড়া, পাবনা, সাতক্ষীরা ও ভারতের পশ্চিমবঙ্গেও তাদের বৈবাহিক সম্পর্ক গড়ে উঠেছে।
ঘূর্ণিঝড় আইলার পর আবাসন ব্যবস্থার বেশ উন্নতি হয়েছে; গ্রামে এখন ১০টি পাকা ও ২৫টি আধা পাকা ঘর রয়েছে। ১১টি বাড়িতে রয়েছে নলকূপ, যার মধ্যে প্রথমটি আশির দশকের শুরুতে তরুণ মাহাতোর উদ্যোগে শ্যামা কালীমন্দিরের সামনে বসেছিল। স্যানিটেশনের ক্ষেত্রে ১০টি পাকা ও ২৫টি আধা-কাঁচা শৌচাগার রয়েছে এবং বিদ্যুতের পাশাপাশি অনেক ঘরে সৌরবিদ্যুৎ ব্যবহৃত হচ্ছে। বর্তমানে এ জনগোষ্ঠীর ১৫ জন নারী-পুরুষ চাকরি করছেন, যার মধ্যে ৮ জন সরকারি ও ৭ জন বেসরকারি খাতে। গ্রামের সার্বিক অগ্রগতিতে তারা গড়ে তুলেছেন ‘হরিহরপুর প্রগতি সমিতি’। পাশাপাশি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, কারিতাস, জেজেএস, এসডিএফ, এমসিসি, ফেইথ ইন অ্যাকশন ও আইআরবি-র মতো প্রতিষ্ঠানগুলোর উন্নয়নমূলক কর্মকাণ্ড তাদের নতুন দিনের স্বপ্ন দেখাচ্ছে বলে অভিমত ব্যক্ত করেন সরকারি ব্রজলাল কলেজের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক।





আপনার মতামত লিখুন