‘দার-ই-নিজাত’-এ শেহরিয়ার ও দুরেফিশানের রোমান্স, এক বাটি নুডলস খাওয়ার দৃশ্যে মুগ্ধ দর্শক
একসঙ্গে নৈশভোজে গেছেন আবু বকর ও জারিয়াব
মানসিক টানাপোড়েন, মান-অভিমান আর আস্থার সংকটের অধ্যায় পেরিয়ে পাকিস্তানি ধারাবাহিক ‘দার–ই–নিজাত’-এর কাহিনিতে এবার ভালোবাসার ছোঁয়া লেগেছে। নাটকে প্রধান দুই চরিত্র আবু বকর ও জারিয়াবের ভূমিকায় অভিনয় করা শেহরিয়ার মুনাওয়ার এবং দুরেফিশান সেলিমের অনস্ক্রিন রসায়ন দর্শকদের দারুণভাবে আলোড়িত করছে। বিশেষ করে তাঁদের ছোট ছোট আবেগঘন মুহূর্তগুলো এখন নেটদুনিয়ায় চর্চার কেন্দ্রে।
গত ৬ নভেম্বর নাটকটির ২৮তম পর্ব সম্প্রচারিত হয়। সেই পর্বে জারিয়াব ও আবু বকরকে একসঙ্গে রাতের খাবার উপভোগ করতে দেখা যায়। দুজনের মিষ্টি আলাপচারিতা ও হালকা খুনসুটি উপস্থিত পর্বটিকে দারুণ আকর্ষণীয় করে তোলে। তবে সব ছাপিয়ে দর্শকদের মন জয় করেছে এক বাটি নুডলস ভাগ করে খাওয়ার মুহূর্তটি। নিত্যদিনের অতি সাধারণ একটি দৃশ্যও যে কতটা ভালোবাসাময় হয়ে উঠতে পারে, নির্মাতারা সেটাই ফুটিয়ে তুলেছেন এখানে।
ধারাবাহিকটিতে শুরু থেকেই আবু বকর ও জারিয়াবের পথচলা মসৃণ ছিল না। বাল্যকালের পরিচিত জামিল—যে চরিত্রে অভিনয় করেছেন নামির নওয়াজ খান—তার চরম বিশ্বাসঘাতকতায় চুরমার হয়ে গিয়েছিল চঞ্চল জারিয়াবের জীবন। গভীর মানসিক ক্ষত কাটিয়ে তাঁর স্বাভাবিক জীবনে ফেরার লড়াইয়ে পাশে দাঁড়ায় আবু বকর। স্ত্রীর অতীত নিয়ে কোনো প্রশ্ন না তুলে কেবল অসীম ধৈর্য ও শ্রদ্ধা দিয়ে জারিয়াবকে মানসিক সুরক্ষা দেয় সে। ফলে ধীরে ধীরে তাঁদের মধ্যে জন্ম নেয় বিশ্বাস আর নিখাদ প্রেম। আবু বকরের সান্নিধ্যে জারিয়াবের এই সময় কাটানোকে দর্শকেরা কেবল রোমান্স হিসেবে দেখছেন না, বরং জারিয়াবের ঘুরে দাঁড়ানোর প্রতীক হিসেবেও বিবেচনা করছেন।
এদিকে জারিয়াবকে নিয়ে আবু বকরের কেনাকাটায় যাওয়ার একটি দৃশ্যও বেশ আলোচনার জন্ম দিয়েছে। অনুরাগীদের মতে, কেনাকাটা তো উপলক্ষ মাত্র, আসলে স্ত্রীর সান্নিধ্যে কিছু বাড়তি সময় কাটাতেই এমন পরিকল্পনা ছিল আবু বকরের। সামাজিক মাধ্যমে এই জুটিকে ভক্তরা আদর করে ‘আবজার’ নাম দিয়েছেন। ডেইলি পাকিস্তানের প্রতিবেদন অনুযায়ী, তাঁদের রসায়নের নানা মুহূর্তের ভিডিও ও সম্পাদনা করা ক্লিপ বর্তমানে ফেসবুক ও ইনস্টাগ্রামে ভাইরাল।





আপনার মতামত লিখুন