খুলনার আইনশৃঙ্খলা অবনতি ও এলপিজির লাগামহীন দাম বৃদ্ধি নিয়ে সংসদে জামায়াত এমপিদের ক্ষোভ
সংসদ অধিবেশন
খুলনা বর্তমানে একটি মৃত নগরীর রূপ নিয়েছে বলে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হুসাইন। মঙ্গলবার সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি অভিযোগ করেন, খুলনা মহানগরী ও আশপাশের অঞ্চলে মাদক, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা, চাঁদাবাজি ও হত্যাকাণ্ডের মতো অপরাধ নিয়মিত ঘটছে। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরের দিনেই জোড়া হত্যাকাণ্ডের শিকার হন দুজন এবং পুলিশের মহাপরিদর্শকের সফরকালে চাঁদা না পেয়ে একটি বেসরকারি চিকিৎসাকেন্দ্রে সন্ত্রাসী তাণ্ডব চালানো হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় দোকানপাট বন্ধ রাখছেন এবং আতঙ্কে সাধারণ মানুষ থানায় নালিশ পর্যন্ত করতে পারছেন না। নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থাগুলোর ব্যর্থতার কথা তুলে ধরে খুলনাবাসীর সুরক্ষায় তিনি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর তাৎক্ষণিক কার্যকর হস্তক্ষেপ দাবি করেন।
এদিকে কোনো ধরনের আগাম বিজ্ঞপ্তি ছাড়াই এলপি গ্যাসের দফায় দফায় মূল্যবৃদ্ধি নিয়ে অধিবেশনে ক্ষোভ উগরে দেন ঢাকা-৫ আসনের জামায়াত দলীয় এমপি মোহাম্মদ কামাল হোসেন। তিনি জানান, দেশব্যাপী তীব্র জ্বালানি সংকটের মধ্যেই চলতি বছরের জানুয়ারি থেকে শুরু করে এখন পর্যন্ত ছয় দফা গ্যাসের দাম বাড়ানো হলো। ১২ কেজি সিলিন্ডারের সরকারি দর ১ হাজার ৩০৬ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হলেও বাজারে ভোক্তাদের তা কিনতে হচ্ছে ২ হাজার ৭০০ থেকে ৩ হাজার টাকায়। পাইপলাইনে গ্যাস না পেয়েও গ্রাহকদের বিল পরিশোধ করতে হচ্ছে এবং রান্নার জন্য অতিরিক্ত অর্থ দিয়ে সিলিন্ডার কিনতে হচ্ছে উল্লেখ করে তিনি বারবার দাম বাড়ানোর কারণ দেশবাসীর সামনে ব্যাখ্যা করার দাবি জানান।
একই বিষয়ে শেরপুর-১ আসনের সংসদ সদস্য রাশেদুল ইসলাম সংসদে জানান, বিগত ১০ মাসের ব্যবধানে এলপিজির মূল্য বৃদ্ধি পেয়েছে ৭৫৪ টাকা। সরকারিভাবে দাম বেঁধে দেওয়া সত্ত্বেও ক্রেতারা সেই সুবিধাপ্রাপ্ত হচ্ছেন না। নিজের বাস্তব অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, গত মাসে তাঁর নিজের বাসাবাড়ির জন্য ১২ কেজির একটি সিলিন্ডার ২ হাজার ৬০০ টাকায় সংগ্রহ করতে হয়েছে, যা সরকারি দামের তুলনায় ৫৪০ টাকা বেশি। শেরপুরের সাধারণ ভোক্তাদের সিলিন্ডারপ্রতি অতিরিক্ত ৫০০ থেকে ১ হাজার টাকা গুনতে হচ্ছে জানিয়ে তিনি প্রশ্ন তোলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করা সত্ত্বেও দেশের অভ্যন্তরে নির্ধারিত দর বাস্তবায়নে সরকার কেন ব্যর্থ হচ্ছে।





আপনার মতামত লিখুন